ভারতের আগরতলা থেকে কলকাতার উদ্দেশ্যে অসুস্থ এক নারী নিয়ে উড়াল দিয়েছিল দেশটির এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেডের একটি এয়ার অ্যাম্বুলেন্স। সি৯০এ মডেলের উড়োজাহাজটি আগরতলার আকাশ পেরিয়ে বাংলাদেশে ঢুকতেই ককপিটের ক্যাপ্টেন পুণ্য অনুপ দেখতে পান, মাঝ আকাশেই খুলে গেছে একটি দরজা!
এমন পরিস্থিতিতে তিনি তার নিকটবর্তী ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরী অবতরণ করেন। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করে।
এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় জরুরী অবতরণের পর রোগীকে দ্রুতই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এয়ার অ্যাম্বুলেন্সে অঞ্জনা ভৌমিক নামে এক নারী রোগী ছিলেন। এ ছাড়াও একজন চিকিৎসক, একজন প্যারামেডিক্স, রোগীর দুই স্বজন ও কো-পাইলট ছিলেন উড়োজাহাজটিতে। তারা সবাই ভারতীয় নাগরিক।
ঢাকায় বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার (১৮ অক্টোবর) বেলা ১২টা ৪০ মিনিটের দিকে আগরতলা থেকে থেকে সেটি কলকাতার একটি হাসপাতালের উদ্দেশ্যে উড্ডয়ন করে। এরপরই পাইলট দরজা খুলে যাওয়ার সংকেত পান। তখন তিনি জরুরী অবতরণের জন্য তার নিকটবর্তী এয়ারপোর্ট হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি চান।
দ্রুতই তাকে সেই অনুমতি দিয়ে জরুরি অবতরণের সব আয়োজন করে ঢাকার বিমানবন্দর কর্তৃপক্ষ। রোগীর জন্য অ্যাম্বুলেন্স ও এয়ারপোর্টের কাছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালেও সব ধরনের প্রস্তুতি রাখা হয়। বেলা দেড়টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার রিয়াজ উদ্দিন কালবেলাকে বলেন, এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণের পর তারা প্রাথমিকভাবে জেনেছেন প্রবল বাতাসের মধ্যে পড়ে উড়োজাহাজের দরজা খুলে যাওয়ার সংকেত পান পাইলট। এরপর কোনো ধরনের ঝুঁকি না নিয়ে তিনি ঢাকায় টাওয়ারে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চাইলে তাকে সেই অনুমতি দেওয়া হয়। উড়োজাহাজটি অবতরণের পর রোগীকে খুব কাছের হাসপাতাল হিসেবে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এই কর্মকর্তা জানান, ওই উড়োজাহাজের পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা। রোগীর চিকিৎসক হিসেবে ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং রোগীর দুই সঙ্গী শান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র নামে দুইজন ছিলেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বিমান বন্দরের অপর একজন কর্মকর্তা জানিয়েছেন, মৃত যাত্রী এবং উড়োজাহাজটির আরোহীদের দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।




