হরমুজ প্রণালিতে টোগোর পতাকাবাহী তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির – DesheBideshe

হরমুজ প্রণালিতে টোগোর পতাকাবাহী তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির – DesheBideshe


তেলবাহী জাহাজে হামলা

তেহরান,১৮ সেপ্টেম্বর- হরমুজ প্রণালিতে টোগোর পতাকাবাহী একটি তেলবাহী জাহাজে হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

শুক্রবার আইআরজিসি এ দাবি করেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে হামলা চালায়। ওই হামলার পর থেকে হরমুজ প্রণালিতে কার্যত অবরোধ আরোপ করে রেখেছে তেহরান।

ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ চলাচলের জন্য টোল আদায় করতে চায়। ইরানের নির্ধারিত পথ ব্যবহার না করে অন্য পথে যাওয়ার চেষ্টা করছে—এমন অভিযোগে দেশটি বিভিন্ন জাহাজে হামলা চালাচ্ছে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, টোগোর পতাকাবাহী ‘ট্রেন্ড’ নামের তেলবাহী জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হয় এবং জাহাজটি আটক করা হয়েছে।

জাহাজটি এই নৌপথ দিয়ে ‘অবৈধভাবে’ যাওয়ার চেষ্টা করছিল বলে আইআরজিসির বিবৃতিতে দাবি করা হয়েছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, হরমুজ প্রণালিতে একটি ‘নিরাপত্তাজনিত ঘটনা’ ঘটেছে। ঘটনাস্থলটি ওমানের খাসাব শহর থেকে ১৬ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে।

তবে ইউকেএমটিও এই ঘটনার সঙ্গে জড়িত জাহাজ সম্পর্কে কোনো তথ্য দেয়নি। ফলে আইআরজিসি যে জাহাজটির কথা বলেছে, সেটিই ওই জাহাজ কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এস এম/ ১৮ সেপ্টেম্বর ২০২৬