হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর | চ্যানেল আই অনলাইন

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর | চ্যানেল আই অনলাইন

একের পর এক চমক দেখাচ্ছেন অভিনেত্রী নাজিফা তুষি। ‘হাওয়া’ দিয়ে বড় পর্দায় ঝড় তুলেছিলেন তিনি, গেল ঈদুল ফিতরে ‘প্রেশার কুকার’ দিয়েও দর্শকের মন জয় করেছেন। এবারের ঈদুল আজহায় ‘রইদ’ দিয়েও তুমুল আলোচনায় আছেন তিনি। এরইমধ্যে ভিন্ন রূপে দর্শকের সামনে হাজির তুষি!

বলছি ‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের সিরিজ ‘অ্যানি’-তে নাজিফা তুষির ভিন্নধর্মী উপস্থিতি নিয়ে। সোমবার (৮ জুন) রাতে প্রকাশিত হয়েছে সিরিজটির অফিশিয়াল ট্রেলার।

বিশ্বের মর্যাদাপূর্ণ সিরিজ উৎসব ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এর ‘ওমেন ইন সিরিজ’ বিভাগে নির্বাচিত বাংলাদেশের প্রথম সিরিজ ‘অ্যানি’, এ খবর আগেই জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবার প্রকাশিত হলো সিরিজটির ট্রেলার। নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের এই মিনিসিরিজের অফিসিয়াল ট্রেলার ও পোস্টার প্রকাশের মধ্য দিয়ে দর্শকদের সামনে উন্মোচিত হলো নাজিফা তুষি অভিনীত অ্যানির ডিস্টোপিয়ান, অস্বস্তিকর এবং রহস্যে ঘেরা এক পৃথিবী নিয়ে গল্পের ঝলক।

মঙ্গলবার (৯ জুন) জার্মানির কোলনে অবস্থিত ‘সিনেনোভা’ ভেন্যুর থিয়েটার ৩-এ বিশ্ব প্রিমিয়ার হতে যাচ্ছে এই বাংলাদেশি সিরিজ। তার আগেই প্রকাশিত এই এর ট্রেলার। সিরিজে নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। তার চরিত্র অ্যানি একজন তরুণ নার্স, যিনি নিজের পাঁচ ভাইবোনকে আগলে রেখে বেঁচে থাকার লড়াই চালিয়ে যান। কিন্তু এক ভয়াবহ হামলার পর তার জীবনের গতিপথ বদলে যায় চিরতরে। নিজের ভেতরে ও চারপাশে জমে থাকা সব ঘৃণার সঙ্গে লড়তে লড়তে, অ্যানি এমন এক অন্ধকারে নিজেকে খুঁজে পায়, যেখান থেকে সে প্রতিশোধ ছাড়া আর কিছুই দেখতে পায় না।

সিরিজ সংশ্লিষ্টরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘অ্যানি’ নির্মিত হয়েছে চেম্বার ড্রামার ভাষায়। সাদের পূর্ববর্তী কাজগুলোর মতোই এই সিরিজেও নারী-পুরুষ সম্পর্কের ভেতরের অসমতা, অবিশ্বাস এবং সামাজিক সহিংসতার বিষয়গুলো নতুনভাবে অনুসন্ধান করা হয়েছে। ব্যক্তিগত ট্রমা এবং সামাজিক সংকটকে একসূত্রে গেঁথে নির্মিত এই সিরিজ আন্তর্জাতিক দর্শকদের কাছেও সমানভাবে প্রাসঙ্গিক হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সিরিজে নাজিফা তুষির পাশাপাশি আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু, নাজাহসহ অনেকে। বিশ্ব প্রিমিয়ারে ‘অ্যানি’র কলাকুশলীদের উপস্থিত থাকার কথা থাকলেও, সকল প্রস্তুতি সম্পন্ন করার পর ভিসা জটিলতার কারণে তা সম্ভব হয়নি বলেও জানান তারা।

তবে সশরীরে উপস্থিত না থাকলেও অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে আন্তজার্তিক দর্শকদের সাথে প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেবেন কলাকুশলীরা। প্রযোজক এহসানুল হক বাবু বলেন, “প্রস্তুতি থাকা সত্ত্বেও অংশ নিতে না পারা আমাদের জন্য অবশ্যই হতাশাজনক। তারপরও আমরা মনে করি, একটি কাজের সবচেয়ে বড় পরিচয় তার শিল্পমান। ‘অ্যানি’ সেই শক্তি নিয়েই আন্তর্জাতিক দর্শকদের সামনে আমাদের পরিচয় করিয়ে দেবে”।

সিরিজটি সম্পর্কে সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল উল্লেখ করেছেন, “বাংলাদেশ থেকে আসা এই সিরিজটি একটি ‘যদি এমন হতো’ ধরনের কল্পিত পরিস্থিতিকে রূপ দিয়েছে এক শ্বাসরুদ্ধকর নাটকীয় থ্রিলারে”।

‘মেট্রোভিডিও’, ‘ক্যাটালগ’, ‘জিরেল’ এবং ‘অডেশাস অরিজিনালস’ এর ব্যানারে সিরিজটি প্রযোজনা করেছেন প্রযোজক এহসানুল হক বাবু, আলি আফজাল উজ্জ্বল, সহ-প্রযোজক শিহাব নূরুন নবী, তুহিন তামিজুল, তানভীর হোসেন, জোহান চ্যাপেলান, সাইফুল ইসলাম, রায়হান সিকদার ও নির্বাহী প্রযোজক অপূর্বা বকশি।

সিরিজের টেকনিক্যাল টিমে আছেন সাদের দীর্ঘদিনের সহকর্মীরা। সিনেমাটোগ্রাফিতে তুহিন তামিজুল, সাউন্ড ডিজাইন ও মিক্সিংয়ে শৈব তালুকদার, কালারিস্ট চিন্ময় রয়, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সিয়াম সামস্ তুষ্ট, অ্যাসোসিয়েট প্রোডিউসার মাহমুদুল হাসান সজিব এবং কাস্টিং ডিরেক্টর ইয়াসির আল হক।