হৃদয়ের ঝোড়ো ফিফটিতে ফাইনালে জাফনা, বল হাতে উইকেট পেলেন সাকিব | চ্যানেল আই অনলাইন

হৃদয়ের ঝোড়ো ফিফটিতে ফাইনালে জাফনা, বল হাতে উইকেট পেলেন সাকিব | চ্যানেল আই অনলাইন

তাওহীদ হৃদয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে লঙ্কা প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ারে গলে গ্যালান্টসকে ১৪ রানে হারিয়ে ফাইনালে উঠেছে জাফনা কিংস। ৪৭০ রানের রোমাঞ্চকর ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন হৃদয়, আর বল হাতে একটি উইকেট নেন সাকিব আল হাসান।

প্রথমে ব্যাট করে ২ উইকেটে ২৪২ রান তোলে জাফনা। কামিল মিশারা ৫৫ বলে ১০৮ রানে অপরাজিত থাকেন। শেষদিকে হৃদয় মাত্র ২১ বলে ২ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৫৪ রান করে দলের সংগ্রহ আরও বড় করেন।

২৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গলে শুরুটা ভালো করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে। চারিথ আসালাঙ্কা ২৭, স্যাম হার্পার ৪৪, চামিকা করুণারত্নে ৩৯ ও দাসুন শানাকা ৩৪ রান করেন। শেষ পর্যন্ত ৮ উইকেটে ২২৮ রান তুলেই থামে তাদের ইনিংস।

জাফনার হয়ে মোহাম্মদ সিরাজ ৪ ওভারে ৩২ রানে ৩ উইকেট নেন। সাকিব ৩ ওভারে ৩৬ রান দিয়ে একটি উইকেট শিকার করেন।

আগামী ৮ আগস্ট ফাইনালে খেলবে জাফনা কিংস। তাদের প্রতিপক্ষ নির্ধারিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের পর।