ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে আজ থেকে ১০ দিনব্যাপী এডিস মশা নির্মূল কার্যক্রম পরিচালনা করা হবে। এ কার্যক্রমের আওতায় নগরীর ৭৫টি ওয়ার্ডে মোট ২ হাজার ২৫০টি বাড়িতে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।
রোববার (১০ মে) সকালে রাজধানীর নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এডিস মশার লার্ভা জরিপ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রশাসক আব্দুস সালাম বলেন, সিটি কর্পোরেশনের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তিনি বলেন, সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও সতর্ক করে বলেন, ডেঙ্গু জরিপে কোনোভাবেই মনগড়া বা অসত্য রিপোর্ট দেওয়া যাবে না। এতে জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়বে এবং মৃত্যুঝুঁকিও তৈরি হতে পারে।
ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকার কোন কোন এলাকায় ডেঙ্গুর ঝুঁকি বেশি রয়েছে তা সঠিকভাবে চিহ্নিত করা গেলে কার্যকরভাবে এডিস মশা নিয়ন্ত্রণ ও নির্মূল করা সম্ভব হবে।





