১৫০ সিসির বেশি মোটরসাইকেল নিবন্ধনেও লাগবে টিআইএন | চ্যানেল আই অনলাইন

১৫০ সিসির বেশি মোটরসাইকেল নিবন্ধনেও লাগবে টিআইএন | চ্যানেল আই অনলাইন

২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১৫০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল নিবন্ধনের ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এ ঘোষণা দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, করজাল সম্প্রসারণ এবং কর প্রশাসনকে আরও কার্যকর করার অংশ হিসেবে উচ্চ ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল নিবন্ধনের ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করা হচ্ছে।

এদিকে ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ প্রতিপাদ্য সামনে রেখে ২০২৬–২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেট দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩ দশমিক ৭ শতাংশ। এটি চলতি অর্থবছরের বাজেটের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি।

প্রস্তাবিত বাজেটে উন্নয়ন কর্মকাণ্ডে অধিক গুরুত্ব দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য ৩ লাখ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সব মিলিয়ে উন্নয়ন ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা।

অন্যদিকে পরিচালন ব্যয়সহ অন্যান্য খাতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ৬ লাখ ২১ হাজার ৯২৫ কোটি টাকা।

সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী অর্থবছরে মোট ব্যয়ের মধ্যে উন্নয়ন ব্যয়ের অংশ বাড়িয়ে ৩৩ দশমিক ৭০ শতাংশে উন্নীত করা হবে, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে ছিল ২৭ দশমিক ২৭ শতাংশ। একই সময়ে পরিচালন ব্যয়ের অংশ ৭২ দশমিক ৭৩ শতাংশ থেকে কমিয়ে ৬৬ দশমিক ৩০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।