হাতেগোনা কয়েক দিন বাকি ঈদুল ফিতরের! ঈদের সিনেমা নিয়ে এরইমধ্যে নেটিজেনদের আগ্রহ তুঙ্গে। তারকাবহুল বেশ কয়েকটি সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছে। তবে সবার আগে আলোচনার জন্ম দিলো ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মস-এর সিনেমা ‘প্রেশার কুকার’।
নারী নির্ভর সিনেমা হলেও এটির পোস্টার ও টিজার প্রকাশের পর রীতিমত চর্চায় শীর্ষস্থানে এই সিনেমা! আর এর প্রধান কারণ, সিনেমাটি বানিয়েছেন ‘পোড়ামন ২’, ‘পরাণ’, ‘দামাল’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ ও ‘তাণ্ডব’- নির্মাতা রায়হান রাফী!
এই সিনেমায় নায়ক ছাড়াই চার অভিনেত্রীকে কেন্দ্র করে গল্প সাজিয়েছেন তিনি। এতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত।
গেল শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় সিনেমাটির প্রায় দেড় মিনিটের একটি টিজার প্রকাশ করা হয়। তবে এটিকে টিজার নয়, ‘ফার্স্ট হুইসেল’ নামেই আখ্যা দিয়েছেন নির্মাতা। আর সেটা প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমত বিস্ফোরণ!
চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপ, পেজে ‘প্রেশার কুকার’ নিয়ে বন্দনা দেখা গেছে। শুধু তাই নয়, সিনেমাটিকে আসন্ন ঈদের অন্যতম সেরা সিনেমা হিসেবেও অভিহিত করছেন অনেকে!
‘প্রেশার কুকার’-এর ফার্স্ট হুইসেল দেখে মোদাচ্ছির লিখেন,“এটা দেখে তো আমারই প্রেশার বেড়ে গেলো।” রহমান মতি লিখেন,“ঈদের সবচেয়ে ডিফারেন্ট গল্পের ছবি হতে যাচ্ছে।” আরাফাত লিখেছেন,“ভাইরে ভাই এটা কী ছিলো? পুরাই মালায়ালাম সিনেমার ফিল পাইলাম। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক তো ফাটায় ফেলছে।” মো. শামীম লিখেছেন, “সেই লেভেলের মুভি হবে, ‘প্রিন্স’- এর পরেই এইটা দেখমু।” মাশরাফি নামের একজনের মন্তব্য,“রায়হান রাফী মানেই গল্পে টুইস্ট আর বাস্তবতা। ‘প্রেশার কুকার’-এর ফাস্ট লুকেই বোঝা যাচ্ছে ঈদে বড় কিছু আসছে!”
আল মামুন নামের একজন মন্তব্য করেন,“বাংলা সিনেমা ফিরেছে, নতুন উদ্যমে।” মাকসুদ লিখেছেন, “এই ঈদে যদি একটা সিনেমাও দেখি তাহলে এইটাই দেখবো।” অন্য আরেকজন লিখেন,“কী বানাইছে ভাই রে ভাই।” নয়ন হাওলাদার লিখেন, এটা কি ছিলো? আমি কখনোই এতটা আশা করিনি। অসাধারণ।” জিহাদ নামের একজন লিখেন, বাংলা সিনেমা নতুন ইতিহাস গড়বে প্রেসার কুকার নারী কেন্দ্রিক মুভি।” অনুজ চৌধুরী লিখেন,“রায়হান রাফী এইটা কী বানাইলো.. ঈদের সেরা ছবি হতে যাচ্ছে।”
এরকম আরো শত শত মন্তব্য দেখা গেছে ‘প্রেশার কুকার’-এর ফার্স্ট হুইসেল-এর ভিডিওতে।
দেড় মিনিটের এই ‘ফার্স্ট হুইসেল’-এ চার প্রধান নারী চরিত্রের পাশাপাশি দেখা গেছে বেশ কয়েকজন গুণী অভিনয়শিল্পীকেও। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু,শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিব ও সাবেরী আলম।





