ইরান-ইসরায়েল যুদ্ধের জেরে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ও খাদ্য নিরাপত্তায় চরম সংকট – DesheBideshe

ইরান-ইসরায়েল যুদ্ধের জেরে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ও খাদ্য নিরাপত্তায় চরম সংকট – DesheBideshe

তেহরান, ১৮ মার্চ – যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যকার চলমান সংঘাত বৈশ্বিক তেল ও গ্যাসের বাজারের গণ্ডি পেরিয়ে এবার পুরো বিশ্বের সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় ডেকে এনেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় অ্যালুমিনিয়াম, হিলিয়াম, সালফার এবং ইউরিয়ার মতো অত্যন্ত জরুরি পণ্যের পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এসব পণ্য বিমান তৈরি, সেমিকন্ডাক্টর উৎপাদন, সার শিল্প এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তির জন্য অপরিহার্য। সংকটের কারণে ইতোমধ্যে বিশ্ববাজারে অ্যালুমিনিয়ামের দাম গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।

অন্যদিকে কাতারের এলএনজি স্থাপনায় হামলার জেরে হিলিয়াম উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সারের তীব্র সংকটের কারণে বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন ও সরবরাহ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিভিন্ন শিল্প খাতে অস্থিরতা আরও বাড়বে এবং বিশ্ব অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব ভয়াবহ রূপ নেবে। বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডাব্লিউএফপি জানিয়েছে, আগামী জুন মাস পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত থাকলে বিশ্বের প্রায় চার কোটি পঞ্চাশ লাখ মানুষ নতুন করে তীব্র খাদ্যসংকটে পড়বে।

এই পরিস্থিতি চলতে থাকলে বিশ্বজুড়ে অনাহারী মানুষের সংখ্যা বর্তমানের রেকর্ড ৩১ কোটি ৯০ লাখ ছাড়িয়ে যেতে পারে। জেনেভায় আয়োজিত এক আলোচনায় ডাব্লিউএফপির উপনির্বাহী পরিচালক কার্ল স্কাউ জানান, বিশ্বজুড়ে খাদ্য, জ্বালানি এবং পরিবহন ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় ক্ষুধার মাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে যা একটি ভয়াবহ মানবিক বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে।

এস এম/ ১৮ মার্চ ২০২৬