শামস সুমনকে নিয়ে আফজাল হোসেনের কবিতা ‘মৃত্যু’ | চ্যানেল আই অনলাইন

শামস সুমনকে নিয়ে আফজাল হোসেনের কবিতা ‘মৃত্যু’ | চ্যানেল আই অনলাইন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, রেডিও ভূমির স্টেশন চিফ শামস সুমনের মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া৷ তার এমন আকস্মিক প্রয়াণে স্মৃতিকাতর অভিনয় জগতের সহকর্মীরা। কিংবদন্তি অভিনেতা, নির্মাতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন প্রয়াত শামস সুমনকে নিয়ে লিখেছেন একটি কবিতা, নাম ‘মৃত্যু’। নিচে চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য  তা তুলে ধরা হলো-

মৃত্যু

আফজাল হোসেন
(তুমি প্রিয় মানুষ ছিলে শামস সুমন)

মৃত্যু আমাদের প্রতিবেশী

একই পাড়ায় থাকি আমরা

হয়তো সে বাস করে পাশের ঠিকানায়

কিংবা হয়তো এগারো বারো বাসা দূরে

ঠিক কত দূরে বা কত কাছে

কোনদিন কারো মনে হয়না, চিনে রাখি

সে প্রত্যেক বাসা ও মানুষদের চেনে

হয়তো প্রায় রোজই আমাদের ডান বাম ঘেঁসে

পাড়ার প্রত্যেক পথে যাওয়া আসা করে

কারো মনে প্রশ্ন জাগে না কেমন দেখতে সে

যে বাড়িতে গিয়ে কড়া নাড়ে

দরজা খুলে সে মানুষটাই কেবল দেখতে পায়-

দেখে, হুবহু তার মতো একজন মুখোমুখি

সে বাক্যহীন, সে অভিব্যক্তিহীন

মনে প্রশ্ন জাগে না, কাকে চাই

শোনে অমোঘ এক আহ্বান, যেতে হবে

বিনাবাক্যেই বেরিয়ে পড়ে মানুষ

হয়তো বাড়ানো হাত ধরে

কিংবা একজনের ছায়া হয়ে অন্যজন

পৃথিবীতে প্রশ্ন পড়ে থাকে, কেনো যেতে হবে।