বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের টেকসই উন্নয়ন জোরদারে নতুন একটি ‘এসএমই টুলকিট’ চালু করেছে ইউএন গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ। এই টুলকিটের মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা পরিবেশবান্ধব, সামাজিকভাবে দায়িত্বশীল এবং সুশাসনভিত্তিক ব্যবসা পরিচালনায় বাস্তবভিত্তিক দিকনির্দেশনা পাবেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে টুলকিটটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ফাহমিদ খানম। তিনি বলেন, বাংলাদেশের এসএমই খাতকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশিরভাগ দেশের উন্নয়ন যাত্রা শুরু হয়েছে এসএমই খাতকে কেন্দ্র করে। উদ্বোধনী বক্তব্য দেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান। এরপর নেটওয়ার্ক প্রতিনিধি ফারুক সোবহান বাংলাদেশের অর্থনীতিতে এসএমই খাতের ভূমিকা তুলে ধরেন।
আন্তর্জাতিক শ্রম সংস্থার বাংলাদেশ কার্যালয়ের গুঞ্জন ডাল্লাকোটি এবং উর্মি গ্রুপের শামারুখ ফখরুদ্দিন এসএমই খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতামত দেন। অনুষ্ঠানে জিসিএনবির প্রোগ্রাম ম্যানেজার মাবরুর এম. চৌধুরী পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন নীতিমালার সঙ্গে এসএমই কার্যক্রমের প্রাসঙ্গিকতা তুলে ধরে একটি উপস্থাপনা দেন। এরপর ‘বাংলাদেশে পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন গ্রহণের ব্যবহারিক পথ’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন বিভাগের পরিচালক চৌধুরী লিয়াকত আলী; গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ফারজানাহ চৌধুরী; ব্র্যাক ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান; এসএমই ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফারজানা খান এবং গুটিপার প্রতিষ্ঠাতা তাসলিমা মিজি। আলোচনাটি সঞ্চালনা করেন ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশের নির্বাহী পরিচালক শাদমান সাকিব অনিক।
সমাপনী বক্তব্যে ইউএন গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহামিন এস. জামান বলেন, টেকসইতা, সুশাসন ও দায়িত্বশীল ব্যবসায়িক চর্চার পথে এসএমই উদ্যোক্তাদের ব্যবহারিক দিকনির্দেশনা দিতে তাদের অঙ্গীকার অব্যাহত থাকবে। এতে সহযোগিতা করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) এবং সিএমএসএমই খাত সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





