থেমে গেল এক স্বর্ণযুগের কণ্ঠ, প্রয়াত কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। তার এই প্রয়াণে সঙ্গীত জগৎ জুড়ে শোকের ছায়া। তার মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, ‘আমি মর্মাহত’।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে সঙ্গীত শিল্পীর প্রয়াণের খবর প্রকাশ্যে আসার পরই ভারতের প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে প্রয়াত গায়িকার সঙ্গে একাধিক ছবি পোস্ট করে শোক প্রকাশ করে লেখেন, ‘ভারতের অন্যতম সেরা ও বহুমুখী কণ্ঠশিল্পী আশা ভোঁসলেজির প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। কয়েক দশকব্যাপী তার অসাধারণ সঙ্গীতযাত্রা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে এবং বিশ্বজুড়ে অগণিত মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে। তার হৃদয়স্পর্শী সুর হোক বা প্রাণবন্ত কম্পোজিশন, তার কণ্ঠে ছিল এক চিরন্তন ঔজ্জ্বল্য। তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমি চিরকাল মনে রাখব।’
এরপর গায়িকার পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানিয়ে মোদি বলেন, ‘তার পরিবার, অনুরাগী এবং সঙ্গীতপ্রেমীদের প্রতি আমার গভীর সমবেদনা। তিনি প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবেন এবং তার গান মানুষের জীবনে চিরকাল অনুরণিত হবে।’
এদিন সকালেই ভারতীয় প্রধানমন্ত্রী গায়িকার স্বাস্থ্যের অবনতির কথা শুনে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তারপরই রবিবার বেলায় জানা যায় তিনি গায়িকা অমৃতলোকের উদ্দেশ্যে যাত্রা করেছেন।




