ভোক্তা পর্যায়ে ফার্নেস অয়েলের (এইচএফও) নতুন মূল্যহার নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফার্নেস অয়েলের দাম লিটার প্রতি ৯৪ টাকা ৬৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।
রোববার ১২ এপ্রিল জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ৩৪(৪) ও ৩৪(৬) অনুযায়ী বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলোর প্রস্তাবের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারি করা আদেশের মাধ্যমে ফার্নেস অয়েলের ভোক্তা পর্যায়ের মূল্যহার, বিপিসির মজুদ ও সরবরাহ চার্জ, তেল বিপণন কোম্পানিগুলোর চার্জ এবং পরিবহন ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছিল। ওই আদেশে প্রতি তিন মাস পর বা প্রয়োজন অনুযায়ী মূল্য সমন্বয়ের বিষয়টি উল্লেখ ছিল।
এদিকে, ফার্নেস অয়েলের মূল্য সমন্বয়ের লক্ষ্যে গত ১৫ মার্চ একটি কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ অনুযায়ী মার্চ মাসে ক্রুড অয়েল আমদানি না হওয়ায় আন্তর্জাতিক বাজারে প্রকাশিত প্ল্যাটস রেট এবং মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় এপ্রিল মাসের জন্য নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
কমিশন জানায়, ১ মার্চ থেকে ১২ এপ্রিল সময়কালের গড় প্ল্যাটস রেট এবং ফেব্রুয়ারি মাসে আমদানিকৃত ক্রুড অয়েলের এফওবি মূল্যের ভিত্তিতে এই মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত মূল্য ১২ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি। এছাড়া এ সংক্রান্ত পূর্ণাঙ্গ আদেশ কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।





