দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম নতুন করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন ঘোষণায় বুধবার ১৫ এপ্রিল থেকে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
এর ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, যা আগের দিন মঙ্গলবার (১৪ এপ্রিল) ছিল ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। বাজুস জানিয়েছে, সকাল ১০টা থেকেই নতুন মূল্য কার্যকর হয়েছে।
সংগঠনটির মতে, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা খাঁটি স্বর্ণের দাম বাড়ার প্রভাবেই দেশের বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকায়।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এখন ৬ হাজার ৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৭৩২ টাকায় বিক্রি হবে।
বিশ্ববাজারে চলমান অস্থিরতার কারণে, বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে, স্বর্ণের দাম ধারাবাহিকভাবে বাড়ছে। আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজি’র তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৮২৩ ডলার ছাড়িয়েছে।
এর আগে জানুয়ারির শেষ দিকে বিশ্ববাজারে স্বর্ণের দাম বড় ধরনের উত্থান-পতন দেখেছে। ৩০ জানুয়ারি দাম ছিল ৫ হাজার ২০০ ডলার, আর ২৯ জানুয়ারি তা ৫ হাজার ৫৫০ ডলারে পৌঁছায়।
বিশ্ববাজারের এমন ঊর্ধ্বমুখী প্রবণতার প্রভাব পড়েছে দেশের বাজারেও। গত জানুয়ারির শেষ দিকে এক দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে বাজুস দেশের ইতিহাসে সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার টাকা নির্ধারণ করেছিল, যা একক ধাপে সর্বোচ্চ মূল্যবৃদ্ধির রেকর্ড।





