নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের ম্যাচে জরিমানার কবলে বাংলাদেশ – DesheBideshe

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের ম্যাচে জরিমানার কবলে বাংলাদেশ – DesheBideshe


নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের ম্যাচে জরিমানার কবলে বাংলাদেশ – DesheBideshe

চট্টগ্রাম, ২২ এপ্রিল – নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেলেও জরিমানার মুখে পড়েছে বাংলাদেশ দল। স্লো ওভার রেটের কারণে টাইগার ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নির্ধারিত সময়ের মধ্যে ২ ওভার বোলিং কম করায় এই শাস্তি দেওয়া হয়েছে। আইসিসির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, কোনো দল নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ৫ শতাংশ হারে জরিমানা করা হয়। বাংলাদেশ দল ২ ওভার পিছিয়ে থাকায় তাদের ১০ শতাংশ অর্থ জরিমানা হিসেবে গুনতে হবে। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এই শাস্তির সিদ্ধান্ত দেন। মাঠে দায়িত্ব পালনকারী আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও গাজী সোহেলসহ তৃতীয় আম্পায়ার নিতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের রিপোর্টের ভিত্তিতে এই শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নিজের দায় স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯৮ রানেই গুটিয়ে দেয় বাংলাদেশ। কিউইদের দেওয়া ১৯৯ রানের লক্ষ্য তাড়ায় তানজিদ হাসান তামিমের ৭৮ এবং নাজমুল হোসেন শান্তর ৫০ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটের বড় জয় পায় টাইগাররা। তাওহীদ হৃদয়ের ৩০ রানের অপরাজিত ইনিংসও জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ৮৭ বল হাতে রেখেই এই জয় নিশ্চিত করে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। আগামী ২৩ এপ্রিল চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

এস এম/ ২২ এপ্রিল ২০২৬