ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ রাব্বি (৩২) নামে এক ছাত্রদল কর্মীসহ দুইজন নিহত ও ৩ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার ২৩ এপ্রিল সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়কে নারুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি নবীনগর উপজেলার শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে ও শ্যামগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী। এ ঘটনায় মাহিম খন্দকার (২৬) নামে অপর এক মোটরসাইকেল আরোহীও নিহত হয়েছে। তিনি শ্রীরামপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে।
নিহতদের স্বজনরা জানান, সন্ধ্যায় নারুই ব্রিজের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা পাঁচজন ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক রাব্বি ও মাহিমকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় ইয়াছিন আরাফাত রিমন নামে এক ছাত্রদল নেতাসহ তিনজন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। নিহতদের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডা. মো. সিফাত জানান, দুর্ঘটনার কবলে পড়া দুজনকে মৃত অবস্থাতে আনা হয়। আহতদেরকে ভর্তি দেওয়া হয়েছে।





