রেশন দুর্নীতি মামলায় আবারও ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তলবে হাজির হন ভারতের অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান। গত ২২ এপ্রিল সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি।
দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এলেও গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী। তবে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে আবারও আলোচনায় আসেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। পরনে ট্যাঙ্ক টপ, শর্টস। চোখে রোদচশমা। নায়িকার লুক নিয়ে যত না চর্চা, তার থেকেও বেশি আলোচনায় নুসরাতের লেখা ক্যাপশন। যেখানে উল্লেখ্য, ‘অভিযোগ আর অপবাদ—এই দুইয়ের মাঝামাঝি কোথাও শান্তি খুঁজে ফিরছি, যতক্ষণ না সত্যিটা খুঁজে পাই আমরা।’ পাশাপাশি নিন্দুকদের খোঁচা দিতেও পিছপা হননি সাবেক সংসদ সদস্য। আক্রমণকারীদের প্রতি তিনি লিখেছেন, ‘এসো নিন্দুকগণ, যা ইচ্ছে বলার বলে ফেলো।’
তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, একটি বিশেষ সূত্র ধরেই রেশন দুর্নীতি মামলায় নুসরাত জাহানের নাম উঠে আসে। কয়েক বছর আগে বাংলাদেশে গম পাচারের অভিযোগ ওঠার সময় তিনি বসিরহাটের সংসদ সদস্য ছিলেন।সেসময় কোনো আর্থিক লেনদেন হয়েছিল কি না, তা খতিয়ে দেখতেই তাকে তলব করা হয়েছিল বলে জানা গেছে।





