কুটি পাচুরিয়া গ্রামের আঞ্চলিক সড়কের কাছে ফারদিন আহমেদের আঙুরবাগান। চারপাশ ঘেরা বাগানের সামনে বড় সাইনবোর্ডে লেখা ‘গ্রেপ ইঞ্জিনিয়ারিং অ্যাগ্রো অ্যান্ড রিসার্চ’। বাগানে জাপানের রুবি রোমান, ফ্যান্টাসি সিডলেস, ল্যাম্বরগিনি, ব্ল্যাক ম্যাজিক, ফুজি গ্লোরি, লোরাস, ন্যারো সিডলেস, ইউক্রেনের ভ্যালেজ, রাশিয়ার বাইকোনুর, গ্রিন লং, অটুমান রয়েল, অস্ট্রেলিয়ান কিংসহ ইতালি, চীন, ভারত ও থাইল্যান্ডের নানা জাতের আঙুর রয়েছে।
গাছগুলো প্রায় পাঁচ ফুট উঁচু জালের মাচায় ছড়িয়ে দেওয়া হয়েছে। বাগানের এক পাশে সারি সারি চারা বিক্রির জন্য রাখা। আগ্রহীরা সরাসরি কিংবা কুরিয়ারের মাধ্যমে চারা কিনতে পারছেন। প্রতিদিনই দর্শনার্থীরা বাগান দেখতে আসছেন; কেউ কেউ দূরদূরান্ত থেকেও আসছেন। উপজেলা কৃষি কর্মকর্তাও বাগানটি পরিদর্শন করেছেন।




