আরও এক দফা কমেছে স্বর্ণের দাম | চ্যানেল আই অনলাইন

আরও এক দফা কমেছে স্বর্ণের দাম | চ্যানেল আই অনলাইন

দেশের বাজারে আরও এক দফা স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত হ্রাস পেয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার টাকায়, যা আগের দিন মঙ্গলবার ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১০ টাকা।

বুধবার (২৯ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন নির্ধারিত দাম একইদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সংগঠনটির মতে, তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে স্বর্ণের দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম রয়েছে ৫ হাজার ৪৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা ভরি ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ভরি ৩ হাজার ৩৮৩ টাকা অপরিবর্তিত রয়েছে।

এদিকে, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই তিন দেশের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও পরবর্তীতে তা ওঠানামা করছে। আন্তর্জাতিক বাজারদর পর্যবেক্ষণকারী ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি –এর তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে প্রায় ৪ হাজার ৬০০ ডলারে নেমে এসেছে।