কোরবানির চামড়া সংরক্ষণে উদ্যোগ নিতে ডিসিদেরকে নির্দেশ | চ্যানেল আই অনলাইন

কোরবানির চামড়া সংরক্ষণে উদ্যোগ নিতে ডিসিদেরকে নির্দেশ | চ্যানেল আই অনলাইন

কোরবানির ঈদকে সামনে রেখে পশুর চামড়া সংরক্ষণে কার্যকর উদ্যোগ নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আজ (৪ মে) সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের বৈঠক শেষে মন্ত্রী বলেন, কোরবানির সময় চামড়া যাতে নষ্ট না হয়, সে লক্ষ্যে মসজিদের ইমামসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডিসিদের বলা হয়েছে। এক্ষেত্রে সরকারি খরচে লবণ সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রম ও পরিসর আরও বাড়ানো হবে।

বন্ধ ও রুগ্ন শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনের বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি। এ লক্ষ্যে আগামী এক বছরের মধ্যে ২৫টি পাটকল ও ২৫টি বস্ত্র খাতের মিল বেসরকারি খাতে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। এছাড়া সংরক্ষণ সুবিধা (স্টোরেজ ফ্যাসিলিটি) বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।