রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত | চ্যানেল আই অনলাইন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত | চ্যানেল আই অনলাইন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় আ. রহিম (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ার। এই সংবাদে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আ. রহিম রাশিয়ার ভাড়াটে সৈনিক হিসেবে যুদ্ধে যোগদান করেছিলেন।

নিহত আব্দুর রহিম ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা নামাপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে। আ. রহিম গত বছর রাশিয়া গিয়েছিলেন।

আজিজুল হক পুটিজানা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ছিলেন। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের সদস্য মোছা. আফরোজা আক্তার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আ. রহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আপনি যখনই নামটা বলছেন, তখন আমার কলিজাটা কেঁপে ওঠে। কারণ আব্দুর রহিম আমার আত্মীয়। আমরা চাই সরকার যেন দ্রুত রহিমের মরদেহ দেশে আনার ব্যবস্থা করে।

উল্লেখ্য গত ২ মে রাশিয়া-নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্ত এলাকায় ড্রোন হামলায় দুই বাংলাদেশি ও এক নাইজেরিয়ান যুবকের মৃত্যু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীর পক্ষে লড়াইরত অবস্থায় ইউক্রেনের ড্রোন হামলায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আ. রহিম ও কিশোরগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার রিয়াদ রশিদ (২৮) নিহত হন। একই হামলায় লিমন দত্ত নামের আরও এক বাংলাদেশি সেনা আহত হয়ে একটি পা হারিয়েছেন এবং একজন নাইজেরিয়ান নাগরিক নিহত হন।

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় ফুলবাড়ীয়ার যুবক আ. রহিমের মর্মান্তিক মৃত্যুতে ফুলবাড়িয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য কামরুল হাসান মিলন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি আজ মঙ্গলবার দুপুরে নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। তিনি পরিবারের এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দান করার জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন।