ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের টাকায় বিদেশ ভ্রমণে কেন্দ্রীয় ব্যাংকের নিষেধাজ্ঞা | চ্যানেল আই অনলাইন

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের টাকায় বিদেশ ভ্রমণে কেন্দ্রীয় ব্যাংকের নিষেধাজ্ঞা | চ্যানেল আই অনলাইন

আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সরকারি বা বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে আয়োজিত কোনো প্রশিক্ষণ, সেমিনার কিংবা ওয়ার্কশপে অংশ নিতে পারবেন না কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের খরচে বিদেশ সফরেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২ থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি ও বেসরকারি ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানের খরচে দেশে বা বিদেশে আয়োজিত কোনো প্রশিক্ষণ, সেমিনার বা ওয়ার্কশপে বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা প্রশিক্ষণার্থী বা প্রশিক্ষক হিসেবে অংশ নিতে পারবেন না।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংক থেকে সেবা গ্রহণকারী অথবা কেন্দ্রীয় ব্যাংকে পণ্য ও সেবা সরবরাহকারী কোনো প্রতিষ্ঠানের অর্থায়নে চুক্তির বাইরে বিদেশে আয়োজিত সেমিনার বা ওয়ার্কশপেও অংশ নেওয়া যাবে না।

তবে বিশেষ প্রয়োজনে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টের অনুমতি নিয়ে কোনো অনুষ্ঠানে বক্তা হিসেবে অংশ নেওয়া যাবে। সে ক্ষেত্রে আয়োজক প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো ধরনের সম্মানী বা ফি গ্রহণ করা যাবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব ও কার্যক্রমের সঙ্গে স্বার্থের সংঘাত তৈরি হতে পারে—এমন যেকোনো আয়োজন থেকে কর্মকর্তা-কর্মচারীদের বিরত থাকতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর এ নির্দেশনা জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।