জ্বালানি খাতে সহযোগিতা জোরদার করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। এই সমঝোতার মাধ্যমে দুই দেশের মধ্যে তেল, গ্যাস, ভূতাপীয় শক্তি ও জৈব জ্বালানি খাতে সহযোগিতা বাড়বে। পাশাপাশি জ্ঞান, প্রযুক্তি ও গবেষণা বিনিময়ের সুযোগ তৈরি হবে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ মে) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে দেশটির জ্বালানি মন্ত্রণালয়ে এই সমঝোতা স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে সই করেন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট।
সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তিনি এই উদ্যোগকে দুই দেশের অংশীদারত্বের নতুন মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বলেন, এই সমঝোতা দুই দেশের সম্পর্কের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তার মতে, ভবিষ্যতে এই সহযোগিতা উভয় দেশের শিল্প ও জনগণের জন্য বড় সুযোগ তৈরি করবে।





