বিদায় বলবেন না বরং বলি, আবার দেখা হবে: বিদায়ী ভারতীয় হাইকমিশনার | চ্যানেল আই অনলাইন

বিদায় বলবেন না বরং বলি, আবার দেখা হবে: বিদায়ী ভারতীয় হাইকমিশনার | চ্যানেল আই অনলাইন

গণমাধ্যমকর্মীদের সম্মানে বাংলাদেশে নিযুক্ত বিদায়ী ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও তার স্ত্রী মনু ভার্মার বিদায়ী সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আলাপচারিতা, স্মৃতিচারণ ও সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অতিথিদের সঙ্গে সময় কাটান তারা।

শনিবার (১৬ মে) রাজধানীর ইন্ডিয়া হাউসে এ আয়োজনে উল্লেখযোগ্য সংখ্যক গণমাধ্যমকর্মী অংশ নেন।

অনুষ্ঠানে প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ আমার সবচেয়ে প্রিয় কর্মস্থলগুলোর একটি হয়ে থাকবে। কারণ এখানে দায়িত্ব পালনকালে উষ্ণ স্নেহ, আন্তরিকতা ও বন্ধুত্ব পেয়েছি।

সম্প্রতি বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া প্রণয় ভার্মা তার বক্তব্যে বলেন, বিদায় বলবেন না বরং বলি ‘আবার দেখা হবে।’ আপনাদের সমর্থন ও পাশে থাকার জন্য ধন্যবাদ।

এসময় তিনি বাংলা ও হিন্দিতে দুটি গানও পরিবেশন করেন। গান শেষে তিনি বলেন, আমি সত্যিই আশা করি, কোথাও না কোথাও আবার আমাদের দেখা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সাবেক ঢাকা ব্যুরো প্রধান ফরিদ হোসেন, চ্যানেল আইয়ের প্রধান নির্বাহী সম্পাদক জাহিদ নেওয়াজ খান, চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক জহির আলম, বর্তমান এপি ব্যুরো প্রধান জুলহাস আলমসহ জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ এবং ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)-এর সভাপতি এ কে এম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক এমরুল কায়েশসহ এর সদস্যরা।

জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহে ঢাকা ছাড়তে পারেন প্রণয় ভার্মা।

প্রণয় ভার্মা ২০২২ সালের ২১ সেপ্টেম্বর ঢাকায় দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিনি শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন।

দীনেশ ত্রিবেদী তৃণমূল কংগ্রেসের (টিএমসি) এর সদস্য হিসেবে ইউপিএ সরকারের আমলে ভারতের রেলমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ২০২১ সালে দলত্যাগ করে ভারতীয় জনতা পার্টি-বিজেপিতে যোগ দেন।