রাজধানীর বাড্ডা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটক ব্যক্তিরা হলেন মো. জহিরুল ইসলাম ওরফে শ্যাপন (৪৫) এবং জান্নাত ফেরদৌস এনি (৩২)।
রোববার (১৭ মে) বিকেলে দক্ষিণ বাড্ডা থানার আওতাধীন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ জানান, অভিযানে দম্পতির কাছ থেকে ৬০টি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটে সংরক্ষিত মোট ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা। পাশাপাশি মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার দম্পতি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ইয়াবাসহ নানা ধরনের মাদক সংগ্রহ, মজুত ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তারা গোপনে মাদক সরবরাহ ও বিপণনের মাধ্যমে এই অবৈধ ব্যবসা পরিচালনা করতেন বলে জানিয়েছে ডিএনসি।
ঘটনার পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাড্ডা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
উপপরিচালক শামীম আহম্মেদ বলেন, মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় অধিদপ্তরের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
Zoom Bangla News
inews.zoombangla.com





