ঈদ ফিরতি ট্রেনযাত্রা: ২ জুনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু | চ্যানেল আই অনলাইন

ঈদ ফিরতি ট্রেনযাত্রা: ২ জুনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু | চ্যানেল আই অনলাইন

ঈদুল আজহা শেষে রাজধানীসহ বিভিন্ন শহর থেকে ঘরে ফেরা মানুষের যাত্রা সহজ করতে বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি করা হচ্ছে আগামী ২ জুনের ট্রেনযাত্রার টিকিট।

সেই ধারাবাহিকতায় আজ শনিবার (২৩ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলভিত্তিক আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

ঈদ উপলক্ষে ঘোষিত বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ৩১ মে’র যাত্রার টিকিট বিক্রি হয়েছে ২১ মে এবং ১ জুনের টিকিট বিক্রি করা হয়েছে ২২ মে। এছাড়া আগামী ২৪ মে বিক্রি হবে ৩ জুনের টিকিট এবং ২৫ মে বিক্রি করা হবে ৪ জুনের যাত্রার টিকিট।

ঈদ স্পেশাল এই অগ্রিম টিকিট একবার ক্রয়ের পর ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একটি আসনের বেশি টিকিট কিনতে হলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।