ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত | চ্যানেল আই অনলাইন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত | চ্যানেল আই অনলাইন

নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলম’এর সভাপতিত্বে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি–এর পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাত ৯টার দিকে অনলাইনে শুরু হওয়া এ সভা প্রায় ৪০ মিনিট চলে। পাঁচ সদস্যের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদের সব সদস্য এতে অংশ নেন।

ইসলামী ব্যাংকের একজন স্বতন্ত্র পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিয়মিত পর্ষদ সভার মতো কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এজেন্ডাভুক্ত বিষয় নিয়ে আলোচনা শেষে ওমর ফারুক খানের পদত্যাগপত্র সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়। সভায় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন–কে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব চালিয়ে নেওয়ার সিদ্ধান্তও হয়।

এর আগে সোমবার সকাল থেকে খুরশীদ আলমের পদত্যাগ এবং ওমর ফারুক খানকে এমডি পদে পুনর্বহালের দাবিতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জামায়াত-সমর্থিত আন্দোলনকারীরা বিক্ষোভ করেন। বিক্ষোভের কারণে খুরশীদ আলম সরাসরি ব্যাংকে এসে পর্ষদ সভায় যোগ দিতে পারেননি বলে জানা গেছে।

সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক–এর অনুমোদন নিয়ে দুপুর আড়াইটার দিকে অনলাইন প্ল্যাটফর্মে সভা আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও বিক্ষোভকারীদের চাপের মুখে তা ভণ্ডুল হয়। পরে রাত ৯টার দিকে অনলাইনে সভা অনুষ্ঠিত হয়।