প্রতিটি নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট: অর্থমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

প্রতিটি নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট: অর্থমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দেশের প্রতিটি নাগরিকের কথা বিবেচনায় রেখে আগামী জাতীয় বাজেট প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বিগত সময়ে লুটপাট, দুর্নীতি ও নানা ধরনের অনিয়মের কারণে দেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সরকার এমন একটি বাজেট দিতে চায়, যার সুফল দেশের প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছাবে।

তিনি বলেন, আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের কথা মাথায় রেখে বাজেট প্রস্তুত করছি। বাজেটের ইতিবাচক প্রভাব যাতে সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, অর্থনীতি বর্তমানে ভঙ্গুর অবস্থায় থাকলেও সরকার আশাবাদী যে নতুন বাজেট বাস্তবায়নের শুরুটা ভালো হবে এবং ধীরে ধীরে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি বলেন, বিগত সময়ে দেশকে যেভাবে ঋণনির্ভরতার দিকে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। ঋণনির্ভরতা কমিয়ে বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ে তোলাই হবে সরকারের অন্যতম লক্ষ্য।

অর্থমন্ত্রী জানান, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে দেশীয় ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে এবং সে অনুযায়ী বাজেটে প্রয়োজনীয় দিকনির্দেশনা রাখা হচ্ছে।