এদিকে জেলা ছাত্রদলের সহসভাপতি রাশেদুল ইসলাম ওরফে সোহাগ প্রথম আলোকে বলেন, বিকেলে তাঁরা বাঁধেরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন। ফেরার পথে খবর পান কালাদরাপ ইউনিয়নের চেয়ারম্যান শাহদাত উল্যাহ এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। তখন তাঁরা ওই এলাকা দিয়ে জেলা শহরে ফেরার পথে চেয়ারম্যানের নেতৃত্বে অতর্কিতে ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে শ্রমিক দলের নেতা হৃদয়সহ তাঁদের কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁরা এ সময় ছাত্রদল কর্মীদের কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও একটিতে অগ্নিসংযোগ করেন।
ঘটনাস্থল থেকে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, হামলা-ভাঙচুর ও সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। পরে অতিরিক্ত পুলিশ ও র্যাব নিয়ে তিনি নিজেই ঘটনাস্থলে যান। একটি অফিস ঘর, একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। অভিযোগের আলোকে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




