
ঢাকা, ১০ জুন – বাজেট কেবল রাষ্ট্রের আয় ও ব্যয়ের হিসাব নয় বরং এটি জনগণের আশা-আকাঙ্ক্ষা, উন্নয়নের অগ্রাধিকার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক দিকনির্দেশনার বাস্তব প্রতিফলন।
বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে বাজেট হেল্পডেস্ক-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এই মন্তব্য করেন। তিনি বলেন যে বাজেট হেল্পডেস্ক সংসদ সদস্যদের বাজেট সম্পর্কিত বিভিন্ন গবেষণামূলক তথ্য ও উপাত্ত সরবরাহ করবে যা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়ক হবে।
স্পিকার তার বক্তব্যে ১৯৯১ সালে বিএনপি সরকারের তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান কর্তৃক মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রবর্তনকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তিনি উল্লেখ করেন যে বাজেট সাধারণ মানুষের জীবনযাত্রাকে গভীরভাবে প্রভাবিত করে। দেশের স্বার্থ এবং জনগণের চাহিদাকে প্রাধান্য দিয়ে সংসদ সদস্যদের জনমুখী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।
ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক সহায়তা এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের কারিগরি সহযোগিতায় সংসদের বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিটের তত্ত্বাবধানে এই হেল্পডেস্ক সংসদীয় কার্যক্রমের গুণগত মানোন্নয়নে কাজ করবে।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি এবং বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান।
অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএন/ ১০ জুন ২০২৬






