প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট আজ – DesheBideshe

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট আজ – DesheBideshe


প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট আজ – DesheBideshe

ঢাকা, ১১ জুন – প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার প্রথমবারের মতো জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করতে যাচ্ছে। দীর্ঘ ১৭ বছর প্রবাসজীবন শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার সরকারের প্রথম বাজেট।

অর্থ ও পরিকল্পনাবিষয়ক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার বিকেল ৩টায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই প্রস্তাবিত বাজেট পেশ করবেন। অর্থমন্ত্রী হিসেবে এটি আমির খসরু মাহমুদ চৌধুরীরও প্রথম বাজেট।

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের মাধ্যমে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর দলের শীর্ষ নেতৃত্ব থেকে প্রধানমন্ত্রী হিসেবে দেশের দায়িত্বভার গ্রহণ করেন তারেক রহমান।

নির্বাচনের আগে বিএনপি যে জনকল্যাণমূলক ইশতেহার ঘোষণা করেছিল, তার বাস্তবায়নে সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রমকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

সরকারি তথ্যানুসারে, গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকে ২৪ মে পর্যন্ত মন্ত্রিসভার ১০টি বৈঠকে ৬০টি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৩৭টি সিদ্ধান্ত ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে ৩৭ হাজার ৫৬৭টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। কৃষকদের সুবিধার জন্য চালু করা হয়েছে কৃষক কার্ড। এ ছাড়া প্রবাসী কার্ড ও হেলথ কার্ডসহ সামাজিক সুরক্ষার ১৮টি কর্মসূচি নিয়ে কাজ করছে বর্তমান সরকার।

আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের দীর্ঘমেয়াদী পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

এবারের বাজেটে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। অনুদানসহ সামগ্রিক বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৮৫০ কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের বা জিডিপির প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।

এটি দেশের ইতিহাসের সর্ববৃহৎ বাজেট হতে যাচ্ছে। তবে বিশাল এই বাজেট বাস্তবায়ন এবং রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে নানামুখী বিশ্লেষণ ও সংশয় রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং জ্বালানি খাতের সংকট মোকাবিলা সরকারের জন্য অন্যতম চ্যালেঞ্জ হবে। বিশেষ করে গ্যাস ও বিদ্যুতের চাহিদা পূরণ করা না গেলে শিল্পোন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন বাধাগ্রস্ত হতে পারে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে জানিয়েছেন, অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করাই সরকারের অগ্রাধিকার।

দুর্নীতি ও অর্থপাচারের কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনর্গঠন করতে এবারের বাজেট সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এনএন/ ১১ জুন ২০২৬