১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা অর্থমন্ত্রীর, নারীদের জন্য ৮০ শতাংশ পদ সংরক্ষিত – DesheBideshe

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা অর্থমন্ত্রীর, নারীদের জন্য ৮০ শতাংশ পদ সংরক্ষিত – DesheBideshe


১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা অর্থমন্ত্রীর, নারীদের জন্য ৮০ শতাংশ পদ সংরক্ষিত – DesheBideshe

ঢাকা, ১১ জুন – সরকার দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং মানসম্মত জনমুখী সেবা নিশ্চিত করার লক্ষ্যে নতুন করে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে। এই বিশাল নিয়োগ কার্যক্রমে নারী ক্ষমতায়নকে বিশেষ গুরুত্ব দিয়ে ৮০ শতাংশ পদে নারীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই গুরুত্বপূর্ণ তথ্য জানান। অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন যে দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদগুলো পূরণের জন্য দ্রুত ৫ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।

একই সঙ্গে নার্সিং ও মিডওয়াইফারি খাতের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে। নার্সিং ক্ষেত্রে ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার মানোন্নয়ন করে আন্তর্জাতিক মানের দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অঙ্গীকার নিয়ে উপস্থাপিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের মোট আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা নির্ধারণ করায় বাজেটে নিট ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

এই ঘাটতি মোকাবিলায় অভ্যন্তরীণ ব্যাংকিং ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। আগামী অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করার এবং মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অর্থমন্ত্রী তার প্রথম বাজেটটি পেশ করেন। মন্ত্রিসভায় অনুমোদিত এবং রাষ্ট্রপতির সম্মতিপ্রাপ্ত এই নতুন বাজেট আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

এস এম/ ১১ জুন ২০২৬