দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৪২ – DesheBideshe

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৪২ – DesheBideshe


দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৪২ – DesheBideshe

ঢাকা, ১১ জুন – দেশে হাম রোগের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫০ জনে। এছাড়া ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামে প্রাণ হারিয়েছে ৯২ শিশু।

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু না হলেও তিন শিশু সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চের পর থেকে এই পর্যন্ত নিশ্চিত ও সন্দেহভাজন মিলিয়ে হাম সংক্রান্ত রোগে মোট ৬৪২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে। একই সময়ে সন্দেহজনক রোগীর সংখ্যা ছিল এক হাজার ১১০ জন।

প্রাপ্ত তথ্যে দেখা যায়, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত ১০ হাজার ৫৯ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। এছাড়া সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ হাজার ১৩৯ জনে। এই সময়ের মধ্যে ৬৮ হাজার ৫৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪ হাজার ২৯৩ জন।

বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৫৬ জন মারা গেছে ঢাকা বিভাগে। এছাড়া বরিশালে ১৯ জন, চট্টগ্রামে ১০ জন এবং সিলেটে ৩ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ ও রাজশাহীতে মারা গেছে ২ জন করে।

অন্যদিকে সন্দেহজনক হামেও ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৩২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহীতে ৮৬ জন, সিলেটে ৬৬ জন, ময়মনসিংহে ৫০ জন, চট্টগ্রামে ৪৭ জন, বরিশালে ৩৮ জন, খুলনায় ২৩ জন এবং রংপুরে ৮ জন মারা গেছে।

এনএন/ ১১ জুন ২০২৬