প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ কতো? | চ্যানেল আই অনলাইন

প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ কতো? | চ্যানেল আই অনলাইন

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ। এবারের বাজেটে সংস্কৃতি খাতের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৮২৬ কোটি টাকা।

প্রস্তাবিত এই বরাদ্দের মধ্যে পরিচালন ব্যয়ের জন্য রাখা হয়েছে ৪৮৫ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয়ের জন্য ৩৪১ কোটি টাকা।

গত ২০২৫-২৬ অর্থবছরে সংস্কৃতি খাতে প্রস্তাবিত বাজেট ছিল ৮২৪ কোটি টাকা। তবে সংশোধিত বাজেটে এই খাতের বরাদ্দ কমে দাঁড়ায় ৭৫৩ কোটি টাকায়।

সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্টদের মতে, দেশের সামগ্রিক বাজেটের আকার বাড়লেও সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির হার অত্যন্ত সীমিত। দীর্ঘদিন ধরেই সংস্কৃতি কর্মীরা জাতীয় বাজেটে এই খাতের জন্য আরও বড় পরিসরে বিনিয়োগের দাবি জানিয়ে আসছেন।

নাটক, সংগীত, নৃত্য, চিত্রকলা, লোকসংস্কৃতি ও গবেষণাধর্মী কর্মকাণ্ডের বিকাশে পর্যাপ্ত অর্থায়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সংস্কৃতিকর্মীরা বলছেন, সংস্কৃতি শুধু বিনোদনের বিষয় নয়; এটি জাতীয় পরিচয়, ইতিহাস ও মূল্যবোধ নির্মাণের অন্যতম ভিত্তি।

তাদের মতে, সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, শিল্পীদের জন্য স্থায়ী সহায়তা, নতুন প্রজন্মের সাংস্কৃতিক চর্চা এবং গবেষণা কার্যক্রমকে শক্তিশালী করতে আরও কার্যকর ও বাস্তবসম্মত বাজেট বরাদ্দ প্রয়োজন।