ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক | চ্যানেল আই অনলাইন

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক | চ্যানেল আই অনলাইন

দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।

আমানতকারীদের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনায় রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার ১৪ জুন সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংক জানায়, কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় ও ৪৭ (৩) ধারায় বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত ক্ষমতাবলে এবং ব্যাংক-কোম্পানির স্বার্থে, আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে বাংলাদেশ ব্যাংক আজ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সকল পরিচালকের নিয়োগ বাতিল করেছে।

একইসাথে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭ (৩) ধারায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত; সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত ব্যাংক খাতে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ পদক্ষেপের মাধ্যমে ব্যাংকটির পরিচালনায় সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করবে কেন্দ্রীয় ব্যাংক।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক বা ইসলামী ব্যাংকের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।