শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান | চ্যানেল আই অনলাইন

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান | চ্যানেল আই অনলাইন

জাপান ও নেদারল্যান্ডসের ম্যাচের প্রথমার্ধে ছিল আক্রমণ–পাল্টা আক্রমণের লড়াই। দুদলের কেউই গোলের দেখা পাচ্ছিল না। তবে দ্বিতীয়ার্ধে দারুণ নাটকীয়তায় জমে ওঠে ম্যাচ। ৫১ থেকে ৬৪ মিনিটের মধ্যে তিনটি গোল দেখে দু’দলই, তাতে ম্যাচের রং বদলে যায় একাধিকবার। শেষপর্যন্ত অবশ্য এশিয়ার দেশটির সঙ্গে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ইউরোপের দেশটির।

ডালাসে রোববার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। ডাচদের হয়ে গোল দুটি করেছেন ভার্জিল ফন ডাইক ও ক্রিসেন্সিও সামারভিল। কেইতো নাকামুরা ও দাইচি কামাদা করেন জাপানের দুই গোল।

পুরো ম্যাচে খুব বেশি সুযোগ তৈরি হয়নি। পজেশন রাখার পাশাপাশি আক্রমণের বিচারেও বেশিরভাগ সময় পিছিয়ে ছিল জাপান, তবে শেষ দিকে সমতায় ফিরতে খুব চেষ্টা করে তারা, তাতে সাফল্যও ধরা দেয়। দুদলই গোলের জন্য ১০টি করে শট নেয়, ডাচরা লক্ষ্যে রাখতে পারে ছয়টি, জাপান তিনটি।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে হয়েছে চার গোল। দুবার লিড নিয়েও পূর্ণ পয়েন্ট পাওয়া হল না ডাচদের। নিশ্চিত হারতে বসা ম্যাচের অন্তিম মূহুর্তে গোল করে জাপানকে এক পয়েন্ট এনে দিলেন কামাদা।

বিরতির পর ৫১ মিনিটে ডান প্রান্ত থেকে আসা ক্রসে দুর্দান্ত হেডে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক। পোস্টে লেগে জালে জড়ানো বলটি ছিল দেশের হয়ে কোনো বড় টুর্নামেন্টে তার প্রথম গোল। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। পিছিয়ে পড়ার মাত্র ছয় মিনিট পরই জবাব দেয় জাপান। বাঁ প্রান্ত দিয়ে গড়ে ওঠা দারুণ এক আক্রমণ থেকে কেইতো নাকামুরা গোল করে সমতা ফেরান।

ম্যাচ তখন পুরোপুরি জমে উঠেছে। ৫১ থেকে ৬৪ মিনিট- এই ১৩ মিনিটের ব্যবধানে দেখা মেলে তিন গোলের। ৬৪ মিনিটে আবারও এগিয়ে যায় নেদারল্যান্ডস। এবার গোল করেন সামারভিল।

দ্বিতীয়বার পিছিয়ে পড়ার পরও হাল ছাড়েনি জাপান। শেষ দিকে একের পর এক আক্রমণে ডাচ রক্ষণে চাপ সৃষ্টি করতে থাকে তারা। তার ফলও পায় ম্যাচের ৮৯ মিনিটে। কামাদা গোল করে সমতা ফেরালে জয়ের খুব কাছে গিয়েও হতাশ হতে হয় নেদারল্যান্ডসকে।