রাজধানীর তেজগাঁওয়ে শ্রমিক বিক্ষোভ, যান চলাচল বন্ধ | চ্যানেল আই অনলাইন

রাজধানীর তেজগাঁওয়ে শ্রমিক বিক্ষোভ, যান চলাচল বন্ধ | চ্যানেল আই অনলাইন

বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে সড়ক অবরোধ করেছেন নাসা গ্রুপের পোশাকশ্রমিকরা। শ্রমিকদের অবরোধের কারণে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার পাশাপাশি মহাখালী, সাতরাস্তা, বিজয় সরণি ও লাভ রোডসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী যাত্রী ও সাধারণ মানুষ।

আজ (১৬ জুন) মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে শ্রমিকরা লাভ রোডসংলগ্ন প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা কারখানার সামনে থেকে সড়কে নেমে আসেন। পরে তারা প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ সারিতে আটকা পড়ে অসংখ্য যানবাহন।

এর আগেও একই দাবিতে শ্রমিকরা কয়েক দফা সড়ক অবরোধ করেছিলেন। বর্তমানে প্রায় ১০০ থেকে ১৫০ জন শ্রমিক সড়কে অবস্থান করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত ছিল এবং যান চলাচল স্বাভাবিক করতে আলোচনা চলছিল।