টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী | চ্যানেল আই অনলাইন

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী | চ্যানেল আই অনলাইন

মার্কিন যুক্তরাষ্ট্রের নারী রেফারি টোরি পেন্সো চেক রিপাবলিক ও সাউথ আফ্রিকার ম্যাচ পরিচালনা করতে চলেছেন। এর মাধ্যমে ছেলেদের বিশ্বকাপে প্রধান রেফারি হিসেবে ম্যাচ পরিচালনাকারী দ্বিতীয় নারী রেফারি হিসেবে ইতিহাস গড়তে চলেছেন। বুধবার আটলান্টায় চেক ও সাউথ আফ্রিকার ম্যাচটি হবে।

পেন্সো ফ্রান্সের স্টেফানি ফ্রাপার্টের পর দ্বিতীয় নারী যিনি বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করবেন। ফ্রাপার্ট কাতারে ২০২২ বিশ্বকাপে গ্রুপপর্বে জার্মানি-কোস্টারিকা ম্যাচের প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

আটলান্টায় ম্যাচে পেন্সোকে সহায়তা করবেন তার স্বদেশী ব্রুক মেয়ো এবং ক্যাথরিন নেসবিট। ২০২৩ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হওয়া মেয়েদের ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে পেন্সোর।

২০২০ সালে তিনি মেজর লিগ সকারে প্রধান রেফারির দায়িত্ব পালন করেছিলেন। ৩৯ বর্ষী পেন্সো ২০২১ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারির দায়িত্ব পালন করছেন। ২০২২ সালে কোস্টারিকায় হওয়া মেয়েদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করেছেন।