ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর বিশ্বকাপ’এর প্রথম ম্যাচে আজ মাঠে নামছে ইউরোপের পরাশক্তি পর্তুগাল। নিজেদের প্রথম ম্যাচেই পূর্ণ পয়েন্ট নিশ্চিত করে শুভসূচনা করতে চায় ‘সেলেসাও’রা।
প্রিয় দলের এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিকে ঘিরে পর্তুগিজ নাগরিকদের পাশাপাশি সমান উন্মাদনায় মেতে উঠেছেন পর্তুগালে বসবাসরত হাজারো প্রবাসী বাংলাদেশি। সবার মনে এখন একটাই প্রার্থনা আজকের ম্যাচে দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়বে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।
বিশ্বকাপের এই মহারণকে কেন্দ্র করে পর্তুগালের রাজধানী লিসবন, পর্তোসহ বিভিন্ন শহরের অলিতে-গলিতে এখন উৎসবের আমেজ। লিসবনের মারতিম মনিজ, রোসিও স্কয়ারের মতো প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলো ছেয়ে গেছে পর্তুগালের পতাকায়। কর্মব্যস্ত প্রবাসীরা আজকের ম্যাচটি একসঙ্গে উপভোগ করতে বড় পর্দার ব্যবস্থা করেছেন বিভিন্ন ক্যাফে ও রেস্তোরাঁয়।
লিসবনে বসবাসরত ব্যবসায়ী ও ফুটবলপ্রেমী প্রবাসী বাংলাদেশিরা জানান বাংলাদেশ আমাদের নাড়ি, আর পর্তুগাল আমাদের বর্তমান ঠিকানা। এই দেশের ফুটবল রক্তে মিশে গেছে। বিশ্বকাপের প্রথম ম্যাচ নিয়ে আমরা দারুণ এক্সাইটেড। আমাদের বিশ্বাস, দল আজ দুর্দান্ত খেলে জয় নিয়ে মাঠ ছাড়বে এবং বিশ্বজয়ের মিশন সফল করবে।
পর্তুগিজদের নিজস্ব ফুটবল সংস্কৃতির সাথে প্রবাসীরা এতটাই মিশে গেছেন যে, স্টেডিয়াম কিংবা ফ্যান জোন সব খানেই স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশিদেরও প্রিয় দলের জার্সি গায়ে উল্লাস করতে দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রবাসী বাংলাদেশিরা পর্তুগাল দলের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়ে পোস্ট করছেন। শুধু পর্তুগালেই নয়, খোদ বাংলাদেশে থাকা লাতিন ও ইউরোপীয় ফুটবল ভক্তদের একটি বড় অংশও আজ পর্তুগালের প্রথম ম্যাচের দিকে চোখ রাখছেন।
বিশ্বকাপের প্রথম ম্যাচ সবসময়ই যেকোনো দলের জন্য মানসিক চাপের। তবে ফুটবল বোদ্ধাদের মতে, পর্তুগালের বর্তমান স্কোয়াড তরুণ ও অভিজ্ঞদের এক দারুণ মিশ্রণ। আক্রমণভাগের গতি আর রক্ষণভাগের দেয়াল ভেদ করা প্রতিপক্ষের জন্য সহজ হবে না। সমর্থকরা আশা করছেন, প্রথমার্ধ থেকেই আগ্রাসী ফুটবল খেলে জয় ছিনিয়ে আনবে পর্তুগাল।





