মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা | চ্যানেল আই অনলাইন

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা | চ্যানেল আই অনলাইন

দুই দিনের সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্থানীয় সময় রোববার রাত পৌনে ৯টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সরকারপ্রধানকে বহনকারী বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইট।

বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল বুঙ্গা রায়া কমপ্লেক্সে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী জুবাইদা রহমানকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তার সহধর্মিণী হানানি হারুন।
এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণীকে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা। সুসজ্জিত বাহিনীর গার্ড অব অনারের সময়ে দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়।

পরে সরকারপ্রধানকে বিমানবন্দর থেকে বিশেষ মোটর শোভাযাত্রাসহ কুয়ালা লামপুরের ‘শাংগ্রি- লা’ হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি ও তার সফরসঙ্গীরা থাকবেন।

প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়ায় আসা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাংগ্রি-লা হোটেল পর্যন্ত ৫০ মিনিটের সড়কপথ বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকায় সজ্জিত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে আছেন- পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিন, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা এ কে এম শামসুল ইসলাম, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ২৩ জন।