
ঢাকা, ২১ জুন – প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সম্মানে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রকাশিত গেজেট অনুযায়ী, চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত সময়কালকে ‘নজরুল বর্ষ’ হিসেবে উদযাপন করা হবে। এই আদেশটি গত ২৫ মে থেকেই কার্যকর হিসেবে গণ্য হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির জন্মজয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার ধারাবাহিকতায় এবার আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করল সরকার।
এস এম/ ২১ জুন ২০২৬






