উয়েফার শাস্তির কবলে পিএসজি, গুনতে হচ্ছে বড় অঙ্কের জরিমানা – DesheBideshe

উয়েফার শাস্তির কবলে পিএসজি, গুনতে হচ্ছে বড় অঙ্কের জরিমানা – DesheBideshe


উয়েফার শাস্তির কবলে পিএসজি, গুনতে হচ্ছে বড় অঙ্কের জরিমানা – DesheBideshe

বুদাপেস্ট, ২৬ জুন – হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় গত মাসে আর্সেনালকে হারিয়ে শিরোপা জিতেছিল প্যারিস সেন্ট জার্মেই। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় ফরাসি ক্লাবটি। তবে সেই ম্যাচে সমর্থকদের অপেশাদার ও অভব্য আচরণের দায়ে বড় ধরনের শাস্তির মুখে পড়তে হয়েছে ইউরোপের এই চ্যাম্পিয়ন ক্লাবকে।

আর্সেনালের বিপক্ষে ম্যাচে পিএসজির সমর্থকরা উয়েফার আচরণবিধি লঙ্ঘন করায় ক্লাবটিকে বড় অঙ্কের আর্থিক জরিমানা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। একই সঙ্গে তাদের ওপর এক ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ম্যাচ চলাকালীন গ্যালারিতে সমর্থকদের আতশবাজি জ্বালানোর বিষয়টি উয়েফার তদন্তে উঠে এসেছে।

উয়েফা কন্ট্রোল, এথিক্স অ্যান্ড ডিসিপ্লিনারি বডি এই ঘটনার তদন্ত শেষ করে পিএসজিকে ৮০ হাজার ইউরো জরিমানা করার সিদ্ধান্ত নেয়। এ ছাড়া প্রতিপক্ষের মাঠে সমর্থকদের উপস্থিতির ওপর এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যা পরবর্তী দুই বছরের জন্য স্থগিত থাকবে। অর্থাৎ আগামী দুই বছরের মধ্যে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

আতশবাজি ছাড়াও গ্যালারি থেকে মাঠে বিভিন্ন বস্তু নিক্ষেপ করার অভিযোগে পিএসজিকে আরও ১০ হাজার ৮৭৫ ইউরো জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে দুই দফায় ক্লাবটিকে মোট ৯০ হাজার ৮৭৫ ইউরো জরিমানা দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় এই জরিমানার পরিমাণ ১ কোটি ২৬ লাখ টাকারও বেশি।

এনএন/ ২৬ জুন ২০২৬