শিক্ষাব্যবস্থার রূপান্তর এবং বাংলাদেশের বাস্তবতা

শিক্ষাব্যবস্থার রূপান্তর এবং বাংলাদেশের বাস্তবতা

সভ্যতার অগ্রগতিতে শিক্ষার ভূমিকা অপরিসীম। শিক্ষার প্রকৃতি ও মান সরাসরি ব্যক্তি ও সমাজের উদ্দীপনা, সচেতনতা ও আত্মমর্যাদার সঙ্গে যুক্ত। এটি নৈতিকতা, নেতৃত্ব, রাজনীতি, প্রশাসন, অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশের প্রতিফলন ঘটায়। স্বাধীনতার প্রায় ৫৫ বছর পরও বাংলাদেশের শিক্ষাব্যবস্থা মূলগতভাবেই অপরিবর্তিত থেকে গেছে; ফলে এটি সমাজের দ্রুত পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে পারেনি। শিক্ষাব্যবস্থার কাঠামোতে মৌলিক সংস্কারের প্রয়োজন ক্রমেই বেড়েছে। প্লেটোর দর্শন থেকে শুরু করে মধ্যযুগের শিক্ষাভাবনা, ঊনবিংশ শতাব্দীতে কার্ডিনাল নিউম্যানের দৃষ্টিভঙ্গি এবং বিংশ শতাব্দীতে কার্ল ইয়াসপার্স ও রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারাকে একসূত্রে গাঁথলে শিক্ষার একটি সুসংহত দর্শন নির্মিত হয়। এই দর্শনের মূল ভিত্তি হলো মানুষের বুদ্ধিবৃত্তিক ও মানবিক মুক্তি, যা ‘শিক্ষার মুক্তিবাদী আদর্শ’ নামে পরিচিত। শিক্ষার এই লিবারেল দর্শন দ্বারা প্রভাবিত শিক্ষাবিদ তারিক মনজুর তাঁর গ্রন্থ বাংলাদেশের শিক্ষাচিন্তা: স্কুল ও কলেজ পর্যায়-এ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার নানা সমস্যার দিকে আলোকপাত করেছেন এবং সম্ভাব্য সমাধানও প্রস্তাব করেছেন।

গ্রন্থটিতে সংকলিত হয়েছে ৪৬টি নিবন্ধ এবং একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার। এগুলো ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে রচিত।