টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে প্যারাগুয়ে | চ্যানেল আই অনলাইন

টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে প্যারাগুয়ে | চ্যানেল আই অনলাইন

বোস্টনে হাড্ডাহাডি লড়াইয়ে মেতেছিল জার্মানি ও প্যারাগুয়ে। লাতিন দেশটি প্রথমে লিড নিলেও পরে সমতায় ফেরে জার্মানরা। ১-১ সমতায় অতিরিক্ত সময় গড়িয়ে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেও ছিল নাটকীয়তা। প্রথমে প্যারাগুয়ে গোলরক্ষক অরল্যান্ডো গিলের বীরত্ব এবং পরে ম্যানুয়েল নয়্যারের সেভ করা। সাডেন ডেথে খেলা গড়ালে সেখান থেকে জয় আদায় করে নেয় প্যারাগুয়ে। ১৬ বছর পর বিশ্বকাপে ফিরে শেষ ষোলোতে লাতিন দেশটি।

এর আগে ২০১০ সালে খেলা সবশেষ আসরে কোয়ার্টার ফাইনালে খেলেছিল তারা। আর ১২ বছর পর নকআউটে ফেরা জার্মানি পেরোতে পারেনি রাউন্ড অব থার্টি টু। পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার টাইব্রেকারে হার দেখল চারবারের চ্যাম্পিয়নরা।

বোস্টনের জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে খেলতে থাকে। প্রথমে লিড আদায় করে নেয় প্যারাগুয়ে। ৪২ মিনিটে হেডে জার্মান জালে বল পাঠান হলিও এনসিসো। ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় লাতিন আমেরিকার দেশটি।

বিরতির পর সমতায় ফেরে জার্মানি। ৫৪ মিনিটে প্যারাগুয়ে জালে বল পাঠান কাই হাভার্টজ। পরে একাধিক সুযোগ তৈরি করেছিল দুদল। তবে গোল করতে পারেনি কেউ। শেষ অবধি খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। চলতি আসরে প্রথমবার গড়ায় অতিরিক্ত সময়ের লড়াই।

অতিরিক্ত সময়ের প্রথম হাফে অবশ্য জালের দেখা পায় জার্মানি। ১০২ মিনিটে জোনাথান তাহ জালে পাঠান। তবে তার আগে প্যারাগুয়ে গোলরক্ষককে ফাউল করেন জার্মান ফুটবলার। পরে ভিএআর দেখে গোল বাতিলের সিদ্ধান্ত নেন রেফারি। শেষঅবধি কেউ গোল না করতে পারায় খেলা গড়ায় টাইব্রেকারে।

আসরের প্রথম টাইব্রেকারে প্রথম শটটি নেন জার্মানির কাই হাভার্টজ। জার্মান তারকার নেয়া শটটি বাঁদিকে ঝাপিয়ে ঠেকিয়ে দেন প্যারাগুয়ে গোলরক্ষক অরল্যান্ডো গিল। পরের দুটি শটে জার্মানরা জালের দেখা পেলেও নিক ভলতেমেডের নেয়া চতুর্থ শটটি ফের ঠেকিয়ে দেন গিল।

২টি সেভ দিয়ে ব্যবধানে এগিয়ে গেলেও এবার ভুল করে বসে প্যারাগুয়ে। আন্তোনিও সানাব্রিয়ার নেয়া চতুর্থ শটটি বারে লেগে বেরিয়ে যায়। এরপর ফ্যাবিয়ান বালবুয়েনার পঞ্চম শটটি ঠেকিয়ে দেন ন্যয়ার।

সাডেন ডেথে গড়ায় খেলা। জোনাথন তাহ তার নেয়া শটটি আকাশে উড়িয়ে দেন। এরপর হোসে ক্যানেলে জালে বল পাঠিয়ে প্যারাগুয়েকে জয়োল্লাসে মাতান।

শেষ ষোলোতে প্যারাগুয়ে মুখোমুখি হবে ফ্রান্স ও সুইডেন ম্যাচের জয়ী দলের বিপক্ষে।