শেষ ১৬-তে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে, পরিসংখ্যান কি চিন্তার কারণ? – DesheBideshe

শেষ ১৬-তে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে, পরিসংখ্যান কি চিন্তার কারণ? – DesheBideshe


শেষ ১৬-তে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে, পরিসংখ্যান কি চিন্তার কারণ? – DesheBideshe

ডালাস, ১ জুলাই – জাপানের বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল। এক গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় সেলেসাওরা। এই জয়ের পর শেষ ১৬-র লড়াইয়ে তাদের প্রতিপক্ষ কে হবে তা নিয়ে ছিল ব্যাপক জল্পনা।

অবশেষে নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার ম্যাচ শেষে নিশ্চিত হলো ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মোকাবিলা করতে হবে নরওয়ের বিরুদ্ধে।

আগামী ৬ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে হাইভোল্টেজ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অতীত রেকর্ড মোটেও সুখকর নয়। পরিসংখ্যান বলছে এই ইউরোপীয় দলের বিপক্ষে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েও একবারও জয়ের মুখ দেখেনি ব্রাজিল। পূর্বের চারটি লড়াইয়ের মধ্যে দুটিতে পরাজয় এবং দুটি ম্যাচ ড্র হয়েছে।

১৯৯৮ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচেও নরওয়ের কাছে ২-১ গোলে হেরেছিল ব্রাজিল। সেই ম্যাচে ব্রাজিলের হয়ে বেবেতো গোল করলেও তোরে আন্দ্রে ফ্লো এবং কেতিল রেকদালের গোলে জয় পায় নরওয়েজিয়ানরা। বিশ্বকাপের বাইরে প্রীতি ম্যাচেও ব্রাজিলের বিপক্ষে আধিপত্য বজায় রেখেছে নরওয়ে। ১৯৮৮ সালের প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ার পর ১৯৯৭ সালের মে মাসে নরওয়ে ৪-২ ব্যবধানে পরাজিত করে সেলেসাওদের।

সবশেষ ২০০৬ সালের আগস্টে এই দুই দল মুখোমুখি হয়েছিল এবং সেই ম্যাচটিও ১-১ গোলে ড্র হয়। এখন দেখার বিষয় নিউ জার্সির মাঠে ব্রাজিল তাদের এই জয়খরা কাটাতে পারে কি না।

এনএন/ ১ জুলাই ২০২৬