
কারাকাস, ৩ জুলাই – ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের আট দিন পর এক ব্যক্তিকে ধ্বংসস্তূপের নিচ থেকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তির নাম হার্নান গিল। প্রায় ১৪০ টন ধ্বংসস্তূপের নিচে তার অবস্থান শনাক্ত করার পর টানা পাঁচ দিনের নিরলস প্রচেষ্টায় উদ্ধারকর্মীরা তাকে নিরাপদে বের করে আনতে সক্ষম হন।
গত ২৪ জুন ভেনেজুয়েলায় আঘাত হানা এই শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২ হাজার ৫৯৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং এখনো নিখোঁজ রয়েছেন কয়েক হাজার মানুষ।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া চিলির এক দমকলকর্মী জানান, তার দীর্ঘ কর্মজীবনের এটিই ছিল সব থেকে জটিল ও প্রযুক্তিগতভাবে কঠিন উদ্ধার অভিযান। কোস্টারিকা রেড ক্রসের প্যারামেডিক অ্যালান মাদ্রিগাল প্রথম হার্নান গিলের আর্তনাদ শুনতে পান। তিনি জানান, রোববার ধ্বংসস্তূপের ভেতর থেকে ক্ষীণ সাহায্যের আবেদন শুনে তিনি প্রথমে বিশ্বাস করতে পারেননি। পরে সহকর্মীদের নিয়ে নিশ্চিত হওয়ার পর বড় আকারের উদ্ধার কাজ শুরু হয়।
ভূমিকম্পের সময় হার্নান গিল রাজধানী কারাকাসের কাছে কাতিয়া লা মার এলাকার গালেরিয়াস প্লায়া গ্রান্দে শপিংমলের পার্কিং বেজমেন্টের একটি ছোট কংক্রিটের নিরাপত্তা কক্ষে দায়িত্বরত ছিলেন।
উদ্ধারকারীরা জানান, ওই শক্তিশালী কক্ষটি ঢালের মতো কাজ করায় চারপাশের ভবন ধসে পড়লেও গিল প্রাণে বেঁচে যান। উদ্ধারের আগে শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে তাকে পানি এবং শিরায় তরল ওষুধ সরবরাহ করা হয়েছিল।
এই যৌথ অভিযানে ভেনেজুয়েলা, চিলি, কোস্টারিকা, মেক্সিকো, এল সালভাদর, পর্তুগাল ও যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী দল অংশ নেয়। গিলের কাছে পৌঁছানোর সরু পথটি কয়েকবার ধসে পড়ায় উদ্ধারকাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। তবে দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে তাকে সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়।
এনএন/ ৩ জুলাই ২০২৬






