১২ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস: পাহাড় ধস ও আকস্মিক বন্যার আশঙ্কা – DesheBideshe

১২ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস: পাহাড় ধস ও আকস্মিক বন্যার আশঙ্কা – DesheBideshe


১২ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস: পাহাড় ধস ও আকস্মিক বন্যার আশঙ্কা – DesheBideshe

চট্টগ্রাম, ৭ জুলাই – চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় আগামী ১২ জুলাই পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নিচু অঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এই পূর্বাভাস প্রদান করে। পূর্বাভাস অনুযায়ী নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও কুমিল্লার বিভিন্ন স্থানে নিয়মিত ভারী বৃষ্টিপাত হতে পারে।

ইতোমধ্যে কয়েকটি এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটায় পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। অতিভারী বর্ষণের কারণে সৃষ্ট পাহাড়ি ঢলে কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে নদীতীরবর্তী নিচু এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

তবে কুমিল্লা, ফেনী ও নোয়াখালীতে নদীর পানি বাড়লেও আপাতত বড় ধরনের বন্যার আশঙ্কা নেই বলে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতির পরিবর্তন হলে পরবর্তী সময়ে তা জানানো হবে। এদিকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগেও বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধির খবর পাওয়া গেছে।

ভারী বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও রংপুরের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।

এস এম/ ৭ জুলাই ২০২৬