সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোখে আঘাত পেলেন লিওনেল মেসি – DesheBideshe

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোখে আঘাত পেলেন লিওনেল মেসি – DesheBideshe


সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোখে আঘাত পেলেন লিওনেল মেসি – DesheBideshe

বুয়েনস আইরেস, ১২ জুলাই – বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে চোট পেয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে জানানো হয়েছে যে ম্যাচের দ্বিতীয়ার্ধে এক পর্যায়ে মেসির ডান চোখের পাতার ওপরের অংশ কেটে যায়।

তবে চোট গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে তিনি পুনরায় খেলা চালিয়ে যান। ম্যাচে সুইজারল্যান্ড সমতায় ফেরার পর নির্ধারিত পানিবিরতির সময় আর্জেন্টিনার চিকিৎসক দল দ্রুত মাঠে গিয়ে মেসির শারীরিক অবস্থা পরীক্ষা করেন। এ সময় সতর্কতা হিসেবে তার চোখের ওপর বরফ দেওয়া হয়।

জানা গেছে সুইজারল্যান্ডের মিডফিল্ডার গ্রানিত জাকার সঙ্গে সংঘর্ষের সময় মেসির চোখের ওপরে কেটে যায়। তবে এই আঘাত তার দুর্দান্ত পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলতে পারেনি। ম্যাচের বাকি সময় মাঠে থেকে আর্জেন্টিনার আক্রমণভাগে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

চোখে আঘাত পাওয়ার পরও নিজের স্বাভাবিক ছন্দ বজায় রাখেন মেসি। আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের করা গোলটিতে সরাসরি সহায়তা ছিল তার নিখুঁত পাসের। এই গোল সহায়তার মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ সহায়তাকারী ফুটবলার হিসেবে ব্রাজিলের কিংবদন্তি পেলের বিশ্বরেকর্ড স্পর্শ করলেন এই আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচে মেসিকে ঘিরে আরেকটি আলোচিত মুহূর্ত ছিল পর্তুগালের রেফারি জোয়াও পিনেইরোর সঙ্গে তার কথোপকথন। একটি সিদ্ধান্তে আপত্তি জানাতে গিয়ে মেসিকে বলতে শোনা যায় যে তাকে যেন অসম্মান না করা হয়। তিনি রেফারির সঙ্গে সম্মানের সঙ্গেই কথা বলছিলেন এবং বিনিময়ে একই আচরণ প্রত্যাশা করছিলেন।

এস এম/ ১২ জুলাই ২০২৬