‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’? | চ্যানেল আই অনলাইন

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’? | চ্যানেল আই অনলাইন

গেল বছর মেহেদী হাসান হৃদয় পরিচালিত রিয়েল এনার্জি প্রডাকশন প্রযোজিত সুপারস্টার শাকিব খানের ‘বরবাদ’ ব্যাপক সাফল্য পেয়েছিল।

সেই সাফল্যের পর ‘বরবাদ’ টিম আবার ফিরছে। কদিন আগে নাম চূড়ান্ত না হওয়া এই ছবিতে চুক্তিবদ্ধ হয়ে যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব।

তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেল, নায়িকা চূড়ান্ত না হলেও শাকিবের নতুন এই সিনেমার নাম হতে যাচ্ছে ‘নিঃস্ব’। ২০২৭ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি টার্গেট করা হয়েছে। সূত্রটি থেকে আরও জানা যায়, অ্যাকশন-রোমান্স আর রিভেঞ্জের গল্পে নির্মিত হবে ‘নিঃস্ব’।

নাম প্রসঙ্গে পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, আমরা কোথাও বলিনি সিনেমার নাম ‘নিঃস্ব’। কিছুদিন পর আমরা ভিডিওর মাধ্যমে নাম রিভিল করবো। শাকিব ভাইয়ার নতুন সিনেমা নিয়ে শুরু থেকে সবার আগ্রহ থাকে। দর্শক থেকে শাকিবিয়ান সবার আগ্রহকে সাধুবাদ জানাই।

২ জুলাই রাতে যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব খান। ওইদিন নতুন এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে পরিচালক হৃদয় ও প্রযোজক আজিম হারুন এবং শাহরিন সুমীর সঙ্গে একটি গ্রুপ ছবি ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘বরবাদ’ টিম আবার ফিরছেন। চলুন আবারও ইতিহাস গড়ি।

এই ঘোষণার পর সিনেমা-সংশ্লিষ্টদের মধ্যে তৈরি হয়েছে নতুন উচ্ছ্বাস। দর্শক থেকে শুরু করে চলচ্চিত্র অঙ্গনের সবাই এখন নতুন করে দারুণ কিছু দেখার অপেক্ষায়। সফলতার ধারাবাহিকতা ধরে রেখে ‘বরবাদ’ টিম এবার কী চমক নিয়ে আসছে, সেটিই হতে যাচ্ছে আগামী বছর ঈদুল আজহার অন্যতম বড় চমক।