বিশ্বকাপজয়ী স্পেনের দুর্দান্ত রক্ষণভাগের দুই স্তম্ভ পাউ কুবারসি ও আইমেরিক লাপোর্তে জায়গা পাননি ফিফার সেরা একাদশের ভোটিং তালিকায়। পুরো আসরে মাত্র একটি গোল হজম করা স্পেনের হয়ে দারুণ পারফরম্যান্স করেও এই দুই ডিফেন্ডারের অনুপস্থিতি চমক তৈরি করেছে।
ফিফার ওয়েবসাইটে দর্শকদের ভোটে ৪-৩-৩, ৪-৪-২ বা ৩-৪-৩ ফরমেশনে সেরা একাদশ বেছে নেয়ার সুযোগ রয়েছে।
ডিফেন্ডারদের তালিকায় আছেন স্পেনের মার্ক কুকুরেয়া ওপেদ্রো পোরো, আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজ ও ক্রিস্টিয়ান রোমেরো, পর্তুগালের নুনো মেন্ডেস, নেদারল্যান্ডসের ভার্জিল ফন ডাইক, ব্রাজিলের গ্যাব্রিয়েল মাগালহেয়েস ও ফ্রান্সের উইলিয়াম সালিবা।
গোলরক্ষক তালিকায় রয়েছেন স্পেনের উনাই সিমন, আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজসহ পাঁচজন। মিডফিল্ডে আছেন রদ্রি, লামিন ইয়ামাল, জুড বেলিংহ্যাম, ভিনিসিয়াস জুনিয়র, এনজো ফের্নান্দেজ ও লুকা মদ্রিচরা।
আক্রমণভাগে মনোনয়ন পেয়েছেন লিওনেল মেসি, কাইলিয়ান এমবাপে, আর্লিং হালান্ডসহ পাঁচ ফুটবলার। ভোট শেষে জানা যাবে বিশ্বকাপের সেরা একাদশ।




