মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ‘গডজিলা’ অভিনেত্রীর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ‘গডজিলা’ অভিনেত্রীর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

মাত্র ১৮ বছর বয়সে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিশ্বজুড়ে লাখ লাখ ভক্তের হৃদয় জয় করা জনপ্রিয় বধির তারকা কাইলি হটল। পর্দায় যিনি নীরব ইশারায় সবার মন শান্ত করেছিলেন ‘গডজিলা ভার্সেস কং’ ছবির মধ্য দিয়ে।

জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) ভোর আনুমানিক ৩টার দিকে ইজামসভিল এলাকায় কাইলি ও তার দুই সঙ্গীকে বহনকারী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে আছড়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় স্থান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় কাইলির।

তবে চালকসহ বাকি দুজন আহত হলেও তাদের অবস্থা গুরুতর নয়। অতিরিক্ত গতির কারণেই এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ।

জন্মগতভাবে বধির কাইলি আমেরিকার ইশারা ভাষায় (এএসএল) কথা বলতেন। তার পুরো পরিবারই বধির। মেয়ের এই আকস্মিক বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কান্নাভেজা ইশারা ভাষায় এক বার্তা দেন তার বাবা জোশুয়া হটল।

শোকস্তব্ধ বাবা বলেন, “কাইলির মা এবং তার চার ভাই-বোন সম্পূর্ণ ভেঙে পড়েছে। তারা বাড়িতে একসাথে বসে শোক পালন করছে। আমি এখন মেরিল্যান্ডে যাচ্ছি কাইলির দেহ বাড়িতে ফিরিয়ে আনতে।”

মেয়েকে হারানোর চরম যন্ত্রণার মাঝেও পরম উদারতা দেখিয়ে ১৯ বছর বয়সী চালকের উদ্দেশে জোশুয়া বলেন, “আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এই দুর্ঘটনার কারণে তোমার বাকি জীবন নষ্ট করতে দিও না।”